তিতাস গ্যাসকে ডিজিটাল আর্কাইভ সেবা দেবে বিসিসি

১৬ জুলাই, ২০২৩ ১৮:৪৯  

গ্রাহক ফাইল ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণে  তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডকে (তিতাস গ্যাস) প্রযুক্তি সেবা দেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

কারিগরি ও প্রযুক্তি সেবা দিতে সম্প্রতি (৯ জুলাই) উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রিবিবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  বিসিসি’র পরিচালক (ডাটা সেন্টার) মোহাম্মদ সাইফুল আলম খান এবং তিতাস গ্যাস কোম্পানীর মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব মো. লুৎফুল হায়দার মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা চুক্তিতে সই করেন।

সে সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার (গ্রেড-১) ও তিতাস গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. হারুনুর রশীদ মোল্লাহ্ উপস্থিত ছিলেন।

এছাড়াও, অনুষ্ঠানে তিতাস গ্যাস কোম্পানীর পক্ষ থেকে মহাব্যবস্থাপক মো. ইমাম উদ্দিন শেখ, মহাব্যবস্থাপক (আইসিটি ডিভিশন) জনাব মো. তারিক আনিস খান এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল’র পক্ষ থেকে আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, আর্কিটেক্ট (এন্টারপ্রাইজ ও ডাটা সেন্টার) জনাব হাসান উজ জামান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।